শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

শ্রীশ্রী বিদ্যা-সুধা-দাত্রী স্তুতি / Shree Shree Vidya-Sudha-Datri Stuti


২৩ শে জানুয়ারি , ২০২৬ 🚩

জয়তু মাতা সরস্বতী ভগবতী 🙏


🪔 শ্রীশ্রী বিদ্যা-সুধা-দাত্রী স্তুতি ( সম্পূর্ণ বাংলা ভাষায় পদ্যাকারে রচিত ) : -


( আজ বসন্তপঞ্চমীর পূণ্যতিথিতে ভগবতী সরস্বতীর প্রীত্যার্থে , সম্পূর্ণ নিজস্ব কবিশৈলীতার দ্বারা সম্পূর্ণ বাংলায় পদ্যাকার কাব্যিক ছন্দে আমার রচিত এই শ্রীশ্রী বিদ্যা-সুধা-দাত্রী স্তুতিটি আমার ব্লগে পোস্ট করলাম ; যারা সংস্কৃত হিন্দি আদি ভাষায় দেবী সরস্বতীর স্তোত্র পড়তে বুঝতে বা উচ্চারণে অসমর্থ , তাদের উদ্দেশ্যে । )

।। শ্রীশ্রী ভগবতী সরস্বতী মাতার নিকট প্রার্থনারত রুদ্রনাথ শৈবজী ।।


🚩 শ্রীশ্রী বিদ্যা-সুধা-দাত্রী স্তুতি ( সম্পূর্ণ বাংলা ভাষায় ) : -


( সম্পূর্ণ বাংলা ভাষায় পদ্যকার ও বঙ্গানুবাদ সহিত )


প্রথমপূজ্য গণেশায় নমো শঙ্কর-ভবানী ,

নমো নমো বাগদেবী জয় মা বীণাপাণি ।

শ্বেতশুভ্রা বাণীময়ী বেদা সর্বলোক মাতৃ ,

অজ্ঞান-তিমির নাশিনী বিদ্যা-সুধা দাত্রী ।।১।।

👉 প্রথম পূজিত গণেশকে প্রণাম , তারপর শিবপার্বতীকে প্রণাম । এরপর মা সরস্বতী তোমাকে বারবার নমস্কার - তুমি শ্বেতশুভ্রা , জ্ঞানময়ী , বেদরূপা , সকল জগতের মা । তুমি অজ্ঞানতার অন্ধকার দূর করে সকলকে বিদ্যার অমৃতজ্ঞান প্রদান করো , তোমায় প্রণাম । 


শিববাক্য সমুদ্ভবা ব্রহ্মনাদ-তরঙ্গ-রূপা ,

মন্ত্র-প্রসূতা শাস্ত্র-ধাত্রী সারদা সুরোভূপা ।

অক্ষরে অমৃত-ধারা ধ্বনি অনন্ত সাগর ,

তব কণ্ঠে মিথ্যা দলিত সত্যস্থিত আগর ।।২।।

👉 মা সরস্বতী ! তুমি শিবের বাক্য থেকে প্রকাশিত হয়েছ এবং ব্রহ্মনাদের তরঙ্গের মতো তুমি সকল মন্ত্র ও শাস্ত্রের উৎস । তোমার অক্ষর অমৃতের ধারা , ধ্বনি অনন্ত সাগরের মতো গভীর । তোমার কণ্ঠেই মিথ্যা নষ্ট হয় ও সত্য প্রতিষ্ঠিত হয় । 


বীণার সুরে ব্রহ্মনাদ শান্তি-রসের গান ,

কৃপায় তব অন্তরে সদা জাগে শুদ্ধজ্ঞান ।

হংসবাহিনী বিবেকচিহ্ন সারাসার বিচারী ,

জ্ঞানদীপ জ্বালিয়ে ভক্তে দয়া করো ঈশ্বরী ।।৩।।

👉 মায়ের বীণার সুর সাক্ষাৎ ব্রহ্মনাদ ধ্বনির শান্তির গান , যা হৃদয়ে শুদ্ধ জ্ঞান চৈতন্য জাগায় । হংস তোমার বাহন - যা বিবেকের ঊর্ধ্বগমনের প্রতীক ও ভালো-মন্দ বিচার করতে শেখায় । তাই , মা তুমি আমার মতন অজ্ঞানী ভক্তের অন্তরে জ্ঞানদীপ জ্বালিয়ে দয়া করো । 


যে বিদ্যায় জন্মে অহং দিও না তা মোরে ,

তব কৃপা নম্রতারূপে দাও মা জীবন গড়ে ।

তুমি জপের অন্তর-শ্বাস ধ্যানের নীরবতা ,

তুমি তত্ত্বের গূঢ় অর্থ তুমিই মুক্তির শুদ্ধতা ।।৪।।

👉 দেবী ! যে বিদ্যা অহংকার বাড়ায় , সে বিদ্যা যেন আমি না পাই । মা যেনো তোমার কৃপায় আমি শান্ত শিষ্টাচার ও নম্রতাময় স্বভাবের হয়ে উঠি , যাতে আমার জীবন সুন্দর হয় । তুমিই জপের অন্তরশ্বাস , ধ্যানের নীরবতা , তত্ত্বের গভীর অর্থ এবং মুক্তির পবিত্র পথ । 


শিবে মতি হৃদয়ে জাগুক তব কৃপা-প্রভাবে ,

বাণী হোক নির্মলমতি প্রেম-সত্য-সুর স্বভাবে ।

রুদ্রনাথের প্রার্থনা মা দিও ওই চরণে ঠাঁই ,

শুদ্ধজ্ঞান লভে যেনো দেহান্তে কৈলাসে যাই ।।৫।।

👉 তোমার কৃপায় আমার হৃদয়ে শিবভক্তি জাগুক , বাণী হোক নির্মল , মনে থাকুক প্রেম ও সত্য । তাই , আমি রুদ্রনাথ প্রার্থনা করছি - মা গো ! তোমার চরণে আশ্রয় দাও , যাতে তোমার চরণ স্পর্শের কৃপায় শুদ্ধ মোক্ষদায়ক শিবজ্ঞান লাভ করে শেষে আমি কৈলাসে যেতে পারি । 



।। ইতি শ্রীশ্রী বিদ্যা-সুধা-দাত্রী স্তুতি সম্পূর্ণ হোলো ।।



এই স্তোত্রটির বাংলা পদ্যাকার ভাষায় 

অনুবাদক ও রচয়িতা :- শ্রীরুদ্রনাথ শৈব জী


©RudraNath_Shaiva


পোস্টটির কপিরাইট ও প্রচারে - শৈবসাহিত্য Blog 


।। শ্রীগুরু দক্ষিণামূর্তয়ে নমঃ ।।

।। ॐ ভগবতী সরস্বতৈ‌ নমো নমঃ ।।